দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে কেন্দ্র করে সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনীকে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সংশ্লিষ্ট সূত্র জানায়, এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে রাজশাহী রেঞ্জের সব ইউনিট ও কর্মকর্তাদের কাছে পৌঁছেছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার এবং নিয়মিত নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এক নির্দেশনায় উল্লেখ করা হয়, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী গোষ্ঠীর সমর্থকেরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার পরিকল্পনা করতে পারে এমন তথ্য পাওয়া গেছে।
ঝুঁকিপূর্ণ স্থানের তালিকায় জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, সামরিক স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র এবং জনসমাগমপূর্ণ এলাকা অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহাজাহান বলেন, বর্তমানে নির্দিষ্ট কোনো হুমকি চিহ্নিত হয়নি।
তবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো—বিশেষ করে কেপিআই নিরাপত্তার আওতায় রাখা হয়েছে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি জানান, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, শুধু নির্দিষ্ট কোনো দিবসকে কেন্দ্র করে নয়, সার্বক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি রাজশাহী রেঞ্জের সব থানাকে সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
মাদকবিরোধী কার্যক্রম প্রসঙ্গে ডিআইজি বলেন, মাদক দেশের তরুণ সমাজের জন্য বড় হুমকি হয়ে উঠছে।
এ ক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।
গণমাধ্যমকেও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মিলিত উদ্যোগেই মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।
এসআর