আজ রোববার (২৬ এপ্রিল) দুপুর ১টার মধ্যে দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার
নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া অপর এক পূর্বাভাসে জানানো হয়েছে:
বৃষ্টিপাত: রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে।
ভারি বর্ষণ: রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রা: সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
ঢাকা, রাজশাহী, খুলনা বিভাগসহ মাদারীপুর, পাবনা, পটুয়াখালী, রাঙ্গামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেনী জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। এতে জনজীবনে কিছুটা স্বস্তি ফেরার সম্ভাবনা রয়েছে।
এসআর