মাতৃত্বের কঠিন চ্যালেঞ্জের সামনেও দমে যাননি কুড়িগ্রামের এসএসসি (দাখিল) পরীক্ষার্থী হাওয়া আক্তার। সন্তান জন্মের মাত্র তিন দিন পর শারীরিক অসুস্থতা উপেক্ষা করেই পরীক্ষায় অংশ
নিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের বাসিন্দা হাওয়া আক্তারের গত ১৮ এপ্রিল সিজারিয়ান অপারেশন হয়। তবে সেই শারীরিক দুর্বলতা তার স্বপ্নপূরণের পথে বাধা হতে পারেনি। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে তিনি ‘কুরআন মাজিদ ও তাজবিদ’ বিষয়ের পরীক্ষায় অংশ নেন।
পরীক্ষা চলাকালীন নবজাতক সন্তানকে কেন্দ্রের পাশের একটি কক্ষে পরিবারের তত্ত্বাবধানে রাখা হয়েছিল। একদিকে পরীক্ষা আর অন্যদিকে সন্তানের সান্নিধ্য—দুই দায়িত্বই সফলভাবে পালন করেছেন এই শিক্ষার্থী। কেন্দ্রের প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ নুর বখত মিঞা বিষয়টিকে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক বলে উল্লেখ করেছেন। স্থানীয়দের মতে, হাওয়া আক্তারের এই অদম্য ইচ্ছাশক্তি অন্য শিক্ষার্থীদের জন্য এক বড় শিক্ষা।
এসআর