রাজধানীর পল্টনস্থ শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬’। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লীগের শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নিতে ইনডোর ও আউটডোর—সব ধরনের খেলাকে সমান গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি উল্লেখ করেন, অতীতে কিছু নির্দিষ্ট খেলাকে বেশি গুরুত্ব দেওয়া হলেও এখন সকল খেলাকেই সমানভাবে উন্নয়নের আওতায় আনা হচ্ছে, যাতে একটি ভারসাম্যপূর্ণ ক্রীড়া পরিবেশ গড়ে ওঠে।
তিনি আরও জানান, ইতোমধ্যে ২৮টি ফেডারেশনের প্রায় ৩০০ জন খেলোয়াড়কে মাসিক এক লক্ষ টাকা বেতনের আওতায় আনা হয়েছে, যা খেলোয়াড়দের পেশাদারিত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ২ মে থেকে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে আটটি বিভাগের মধ্যে ব্যাডমিন্টনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ভবিষ্যৎ শাটলার তৈরিতে বড় ভূমিকা রাখবে।

ক্রীড়া অবকাঠামো উন্নয়নের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, দেশের ৬৪টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে চলতি বছরই ১০টি স্পোর্টস ভিলেজের কাজ শুরু হবে, যেখানে আধুনিক ইনডোর স্টেডিয়ামের সুবিধা থাকবে।
ব্যাডমিন্টন ফেডারেশনের প্রস্তাবের প্রেক্ষিতে তিনি শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়াম দ্রুত শীতাতপ নিয়ন্ত্রিত করার নির্দেশ দেন। পাশাপাশি মানসম্মত প্রশিক্ষণের জন্য দুই বছরের জন্য বিদেশি কোচ নিয়োগের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
তিনি আরও বলেন, খেলাধুলাই পারে তরুণ সমাজকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে একটি সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখতে।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী নিকটবর্তী রোলার স্কেটিং গ্রাউন্ডে ‘স্বাধীনতা দিবস বয়সভিত্তিক রোলার স্কেটিং হিট-২০২৬’-এরও উদ্বোধন করেন।
এসআর