বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ঐতিহ্যবাহী খেলাধুলার উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময় জোরদারে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সঙ্গে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সভাপতি নেজমেদ্দিন বিলাল এরদোয়ানের বৈঠক।
দেশীয় খেলাধুলাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে যৌথ উদ্যোগ ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেছেন দুই নেতা।

তুরস্কের ইস্তাম্বুলে গত ১২ মে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে দুই দেশের ঐতিহ্যবাহী ও স্থানীয় খেলাধুলার উন্নয়ন এবং প্রসারের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বাংলাদেশের গ্রামীণ ও ঐতিহ্যবাহী খেলাধুলার সমৃদ্ধ ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক ক্রীড়ার প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার পাশাপাশি প্রতিটি দেশের নিজস্ব সংস্কৃতি ও দেশীয় খেলাধুলা সংরক্ষণ করা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, দেশীয় খেলাগুলোকে আধুনিকায়নের মাধ্যমে আন্তর্জাতিক মানে উন্নীত করা গেলে নতুন প্রজন্ম নিজেদের সংস্কৃতির সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হবে। এ বিষয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সভাপতি নেজমেদ্দিন বিলাল এরদোয়ান বাংলাদেশের ক্রীড়া খাতের অগ্রগতির প্রশংসা করেন। তিনি এথনোস্পোর্টসের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আশ্বাস দেন, ঐতিহ্যবাহী খেলাধুলার প্রসারে বাংলাদেশের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতায় তার সংস্থা সবসময় পাশে থাকবে।
সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী আমিনুল হক বিলাল এরদোয়ানকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। নেজমেদ্দিন বিলাল এরদোয়ান আন্তরিকভাবে সেই আমন্ত্রণ গ্রহণ করেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের ক্রীড়া সম্পর্ক নতুন মাত্রা পাবে এবং ভবিষ্যতে দুই দেশের তৃণমূল পর্যায়ের খেলোয়াড়রা পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবে।
এসআর