বিশ্বকাপের আগে দুর্দান্ত ছন্দে আছেন লিওনেল মেসি। জোড়া গোল ও একটি অ্যাসিস্টে তার অনবদ্য পারফরম্যান্সে আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সিনসিনাটিকে ৫-৩ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।
বিশ্বকাপের আগে নিজের ভয়ংকর রূপের আরেকবার জানান দিলেন লিওনেল মেসি। জোড়া গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করে ম্যাচজুড়ে ছিলেন দুর্দান্ত। তার অসাধারণ পারফরম্যান্সে মেজর লিগ সকারের রোমাঞ্চকর ম্যাচে সিনসিনাটি এফসিকে ৫-৩ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ৭৮ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও দারুণ প্রত্যাবর্তনে জয় তুলে নেয় মায়ামি।
ক্যারিয়ারে অসংখ্য চোখধাঁধানো গোল করেছেন মেসি। তবে এবার তার একটি গোল ছিল একেবারেই ভিন্ন ধরনের। প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে পাওয়া সুযোগকে সহজেই জালে জড়ান আর্জেন্টাইন মহাতারকা। পরে করেন আরও একটি দারুণ গোল। ম্যাচের শুরুতেই একবার বল জালে পাঠালেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়।

সিনসিনাটির মাঠে ম্যাচের পঞ্চম মিনিটেই গোল পেয়েছিলেন মেসি। হার্মান বের্তেরামের পাস থেকে আলতো শটে বল জালে পাঠান তিনি। কিন্তু অফসাইডের পতাকা ওঠায় গোলটি বাতিল হয়ে যায়।
তবে অপেক্ষা বেশি দীর্ঘ হয়নি। ২৪তম মিনিটে মাঝমাঠ থেকে দারুণ পাস বাড়ান রদ্রিগো দে পল। বল ক্লিয়ার করতে গিয়ে অদ্ভুত ভুল করেন সিনসিনাটির ডিফেন্ডার ম্যাট মিয়াজগা। বল চলে যায় সরাসরি মেসির পায়ে। এমন সুযোগ পেয়ে ভুল করেননি তিনি, সহজ টোকায় বল পাঠান জালে।
৪১তম মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরে সিনসিনাটি। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও এগিয়ে যায় স্বাগতিকরা।
এরপর আবারও দৃশ্যপটে মেসি। ৫৮তম মিনিটে গোছানো আক্রমণ থেকে বক্সের ভেতরে মেসিকে খুঁজে নেন দে পল। বাঁ পায়ের নিখুঁত শটে দলকে আবার সমতায় ফেরান মায়ামি অধিনায়ক।
৬৪তম মিনিটে মেসির দারুণ কাটব্যাক থেকে লুইস সুয়ারেসের শট লাগে পোস্টে। এরপর ব্রাজিলিয়ান মিডফিল্ডার ইভ্যান্ডারের দুর্দান্ত গোলে আবারও এগিয়ে যায় সিনসিনাটি।
৭৮ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল মায়ামি। তবে এরপরই শুরু হয় তাদের দুর্দান্ত প্রত্যাবর্তন। ৭৯তম মিনিটে মেসির পাস থেকে মাতেও সিলেভেতি চমৎকার একক নৈপুণ্যে গোল করে সমতা ফেরান।

৮৪তম মিনিটে আবারও ভাগ্য সহায় হয় মায়ামির। মেসির নেওয়া ফ্রি-কিক গোলরক্ষকের হাতে জমে যাওয়ার কথা থাকলেও সতীর্থের সঙ্গে ধাক্কা লেগে বল ফসকে যায়। সুযোগ বুঝে গোল করেন হার্মান বের্তেরামে।
শেষদিকে আসে মেসির দ্বিতীয় গোল। সিলেভেতির পাস থেকে নেওয়া তার শট ঠেকাতে গিয়ে উল্টো নিজের জালেই বল জড়িয়ে ফেলেন সিনসিনাটির গোলরক্ষক।
এই জয়ে ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠেছে ইন্টার মায়ামি। এক ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ন্যাশভিল।
এসআর