ক্রিকেটের পাঠ চুকিয়ে আবারও রাজনীতির মাঠে ফেরার পরিকল্পনা করছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, খেলোয়াড়ি জীবন শেষে
রাজনীতিতে ফিরলে নিজের পূর্বের দল আওয়ামী লীগের হয়েই কাজ করতে চান।
দলের প্রতি নিজের আনুগত্য প্রকাশ করে সাকিব বলেন, বারবার দল পরিবর্তন করার কোনো ইচ্ছা বা অভ্যাস তার নেই। ছোটবেলা থেকেই তিনি যেকোনো দলের প্রতি অনুগত থেকেছেন এবং 'পল্টি' দেওয়ার রাজনীতিতে তিনি বিশ্বাসী নন।
বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা প্রসঙ্গে সাকিব মন্তব্য করেন যে, কোনো বড় রাজনৈতিক শক্তিকে বা দেশের একটি বিশাল অংশকে দীর্ঘকাল দাবিয়ে রাখা সম্ভব নয়। আজীবন কাউকে নিষিদ্ধ রাখা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী বলেও তিনি মনে করেন।
তার মতে, জোর করে রাজনৈতিক কার্যক্রম বন্ধ রাখলে তাতে দেশের রাজনীতি বা সামগ্রিক উন্নতির কোনো সুফল আসবে না। বর্তমানে মাঠের ক্রিকেটে মনোযোগী থাকলেও ভবিষ্যৎ রাজনীতি নিয়ে সাকিবের এমন অবস্থান এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
এসআর