বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
এতে কমিটিকে অবৈধ ঘোষণা এবং এর কার্যক্রমকে আইনগতভাবে অকার্যকর ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় কয়েকজন আইনজীবী যৌথভাবে এ রিট দাখিল করেন। আবেদনকারীদের মধ্যে অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়াও রয়েছেন।
রিটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, সংস্থাটির পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক এবং বিসিবির অ্যাডহক কমিটির সভাপতিকে বিবাদী করা হয়েছে।
আবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ৬ অক্টোবর নির্বাচনের মাধ্যমে গঠিত বিসিবির কার্যনির্বাহী কমিটি বৈধভাবে দায়িত্ব পালন করছিল। কিন্তু গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২১ ধারা প্রয়োগ করে সেই কমিটি বাতিল করে নতুন করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়।
রিটকারীদের দাবি, আইন অনুযায়ী বিশেষ পরিস্থিতি ছাড়া এ ধরনের অ্যাডহক কমিটি গঠন করা যায় না। অথচ বিদ্যমান কমিটির বিরুদ্ধে দায়িত্ব পালনে ব্যর্থতা বা অনিয়মের সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আইনের অপব্যবহার এবং স্বেচ্ছাচারিতার শামিল।
এছাড়া নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই তা ভেঙে দেওয়া গণতান্ত্রিক প্রক্রিয়া এবং ক্রীড়া সংস্থার স্বায়ত্তশাসনের পরিপন্থী বলেও রিটে উল্লেখ করা হয়।
আবেদনকারীরা আদালতের কাছে রুল জারি করে সংশ্লিষ্টদের ব্যাখ্যা চাওয়া এবং শুনানি চলাকালে বিতর্কিত সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, গঠিত অ্যাডহক কমিটির নেতৃত্বে রয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই এই কমিটি গঠন করা হয়।
এসআর