[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

তৃণমূল প্রতিভা খুঁজে আনতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর উদ্যোগ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬ ৯:২১ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে তাদের সামনে আনার লক্ষ্য নিয়ে নতুন উদ্যোগ হিসেবে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।

কিশোর-কিশোরীদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়ানো এবং তাদের সংগঠিতভাবে প্রশিক্ষণের সুযোগ তৈরিই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।


দীর্ঘদিন ধরে প্রতিভা বিকাশের প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত ‘নতুন কুঁড়ি’র আদলে এবার ক্রীড়া ক্ষেত্রে এই কার্যক্রম চালু করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এটি শুধু প্রতিযোগিতা নয়, বরং বৈজ্ঞানিকভাবে প্রতিভা যাচাই করে ভবিষ্যৎ ক্রীড়াবিদ গড়ে তোলার একটি পরিকল্পিত উদ্যোগ।


১২ থেকে ১৪ বছর বয়সী শিশুদের নিয়ে এই কর্মসূচিতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্টসহ বিভিন্ন ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। ধাপে ধাপে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় অতিক্রম করে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে রাজধানীতে।


এ পর্যন্ত বিপুল সংখ্যক শিক্ষার্থী এই কার্যক্রমে নিবন্ধন করেছে বলে জানা গেছে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বিভিন্ন জেলায় উল্লেখযোগ্য অংশগ্রহণ দেখা গেছে, যেখানে সিলেট জেলা শীর্ষে রয়েছে।


উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে ২ মে সিলেটে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশের অংশগ্রহণকারীদের উদ্দেশে শুভ সূচনা ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।


যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চূড়ান্ত পর্যায়ে নির্বাচিতদের উন্নত প্রশিক্ষণের জন্য বিকেএসপিতে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি আঞ্চলিক ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রগুলোও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।


কর্মসূচির স্বচ্ছতা নিশ্চিত করতে মাঠপর্যায়ে নিবিড় নজরদারি এবং চিকিৎসা সহায়তা ব্যবস্থা রাখা হবে বলেও জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এবং তৃণমূলের প্রতিভাদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে যেতে সহায়তা করবে।

এসআর

সম্পর্কিত খবর