টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্তকে কঠোরভাবে সমালোচনা করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।
তার মতে, এমন সিদ্ধান্ত দেশের ক্রিকেটের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়েছে।
তিনি বলেন, বিশ্বকাপের মতো আসরে খেলা প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন। সেই জায়গা থেকে বাংলাদেশের অনুপস্থিতি শুধু খেলোয়াড়দের নয়, সমর্থকদের জন্যও বড় হতাশার। তার ভাষায়, এটি ছিল “গুরুতর ভুল”, যার প্রভাব দীর্ঘমেয়াদে পড়তে পারে।
উল্লেখ্য, সে সময় বাংলাদেশ দল টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো ছন্দে ছিল। তারপরও নানা পরিস্থিতির প্রেক্ষিতে বিশ্বকাপে অংশ নেয়নি দলটি। বিষয়টি ঘিরে দেশের ক্রীড়াঙ্গন ছাড়াও আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনা-সমালোচনা হয়।
তৎকালীন অন্তর্বর্তী সরকার দেশের স্বার্থ ও নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে দাবি করেছিল। তবে সেই ব্যাখ্যা নিয়ে তখন থেকেই প্রশ্ন ছিল।
সাকিব আরও জানান, দেশের মানুষ সবসময় বিশ্বমঞ্চে জাতীয় দলকে দেখতে চায়। সেই সুযোগ থেকে বঞ্চিত হওয়া ক্রিকেটপ্রেমীদের জন্যও বড় ধাক্কা ছিল।
বিশ্বকাপ শেষ হলেও এ সিদ্ধান্তের প্রভাব ও আক্ষেপ এখনও কাটেনি—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
এসআর