নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতেও দারুণ সূচনা করেছে বাংলাদেশ।
প্রথম ম্যাচে ৬ উইকেটের জয়ে এগিয়ে থাকা লিটন দাসের দল আজ দ্বিতীয় ম্যাচ জিতলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে পারবে। এমন সুযোগ হাতছাড়া করতে চাইবে না স্বাগতিকরা।
সম্প্রতি টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের পারফরম্যান্স বেশ স্থিতিশীল। ঘরের মাঠে কিছু হোঁচট থাকলেও পাকিস্তান, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের বিপক্ষে জয় রয়েছে। পাশাপাশি বিদেশের মাটিতে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের অভিজ্ঞতাও আত্মবিশ্বাস বাড়িয়েছে দলটির। সাম্প্রতিক টুর্নামেন্টগুলোতেও দলটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলেছে।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কম। প্রথম ম্যাচে যারা খেলেছেন, তাদের ওপরই আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট।
অন্যদিকে নিউজিল্যান্ড দলটি তুলনামূলক অনভিজ্ঞ।
প্রথম ম্যাচে অধিনায়ক টম ল্যাথাম না খেলায় নেতৃত্ব দেন নিক কেলি। ল্যাথাম ফিট না হলে এবারও কেলির নেতৃত্বেই মাঠে নামতে পারে কিউইরা। দলগত ভারসাম্যের জন্য স্পিন বিভাগে পরিবর্তন এনে ইশ সোধির পরিবর্তে জেডন লেনক্সকে সুযোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে।
অভিজ্ঞতা ও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বাংলাদেশ কিছুটা এগিয়ে থাকলেও, ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে নিউজিল্যান্ড। ফলে ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি। চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে যে দল ভালোভাবে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে, তারাই ম্যাচে এগিয়ে থাকবে।
২৯ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। তিন ম্যাচের সিরিজে বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।
সম্ভাব্য একাদশ
বাংলাদেশ:
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, রিপন মণ্ডল।
নিউজিল্যান্ড:
টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, ড্যান ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি/জেডন লেনক্স, বেন লিস্টার, ম্যাট ফিশার।
এসআর