নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ের পর তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটিং নৈপুণ্যে ৬ উইকেটের বড় জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
গত ম্যাচে ২২ রানে হারের পর সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে আজ মাঠে নামে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। তবে শুরু থেকেই চাপে পড়ে তারা ৪৮.৪ ওভারে ১৯৮ রানেই অলআউট হয়।
দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন ওপেনার নিক কেলি। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন নাহিদ রানা, যিনি ১০ ওভারে ৩২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। এছাড়া শরিফুল ইসলাম নেন ২ উইকেট, আর একটি করে উইকেট পান তাসকিন আহমেদ, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।
১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ২১ রানে দুই ওপেনারকে হারালেও এরপর ইনিংস গড়ে তোলেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত।
দুজন মিলে ১২০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। তানজিদ ৫৮ বলে ৭৬ রান করেন, যেখানে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা। অন্যদিকে শান্ত ৫০ রান করে আঙুলের ব্যথায় মাঠ ছাড়েন।
শেষ দিকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়ের ব্যাটে ভর করে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ৮৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় দলটি।
এসআর