বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সাম্প্রতিক প্রশাসনিক পরিবর্তনের প্রেক্ষাপটে নিজের অবস্থান ও অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে নির্বাচিত বোর্ড ভেঙে দেওয়ার পর সভাপতির দায়িত্ব হারান তিনি।
এক সাক্ষাৎকারে বুলবুল জানান, পদ হারানো নিয়ে তাঁর ব্যক্তিগত কোনো আক্ষেপ নেই। তবে তিনি মনে করেন, যেসব পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছিলেন, সেগুলো সম্পন্ন করতে পারলে দেশের ক্রিকেটের আরও উন্নতি হতো।
বিসিবির দায়িত্ব নেওয়াকে ভুল সিদ্ধান্ত ছিল কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ব্যক্তিগত জীবনের দিক থেকে এটি কঠিন সিদ্ধান্ত ছিল। তবুও দেশের ক্রিকেটের উন্নয়নের কথা ভেবে তিনি দায়িত্ব নিয়েছিলেন এবং নিজের দীর্ঘ অভিজ্ঞতা ও পরিকল্পনা বিনা পারিশ্রমিকে দিয়েছেন বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, চার দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে কাজের অভিজ্ঞতা থেকে পাওয়া জ্ঞান ও চিন্তাভাবনা তিনি দেশের ক্রিকেটের জন্য ব্যবহার করতে চেয়েছিলেন, যা কোনো অর্থমূল্যে মূল্যায়ন করা সম্ভব নয়।
বিসিবিকে ঘিরে আগ্রহ প্রসঙ্গে তিনি জানান, বাইরে থেকে যতটা আকর্ষণীয় মনে হয়, বাস্তবে ততটা নয়। ব্যক্তিগত খরচে থাকা ও নিজের সম্পদ বিক্রি করেও তিনি দায়িত্ব পালন করেছেন বলে উল্লেখ করেন। তার মতে, এখানে কাজের সুযোগ আছে, কিন্তু লাভজনক কিছু নেই—দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করার সুযোগটাই মূল বিষয়।
এসআর