আগামী জুন মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচ চলাকালে প্রেসবক্সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তামিম ইকবাল বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং আগামী জুনের শুরুর দিকেই বা দ্বিতীয় সপ্তাহে ভোটগ্রহণ হতে পারে।
এর আগে ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর আগের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে। একই সময় জানানো হয়, তিন মাসের মধ্যে নতুন নির্বাচনের মাধ্যমে বোর্ড পুনর্গঠন করা হবে।
বর্তমান অ্যাডহক কমিটির মেয়াদ জুলাইয়ের শুরুতে শেষ হওয়ার কথা থাকলেও তার আগেই নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরেও বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যেখানে নানা রাজনৈতিক ও ক্রীড়া-সংশ্লিষ্ট সমীকরণে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হলেও শেষ পর্যন্ত পরিস্থিতি ভিন্ন দিকে গড়ায়।
এসআর