[email protected] রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
৬ বৈশাখ ১৪৩৩

‘ক্যাপ্টেনস কার্ড’ বিতর্কে তাপস বৈশ্যর কড়া সমালোচনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬ ৪:৫১ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেটে নতুন করে চালু হওয়া ‘ক্যাপ্টেনস কার্ড’ উদ্যোগ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

সাবেক জাতীয় দলের পেসার তাপস বৈশ্য এই উদ্যোগকে বৈষম্যমূলক বলে কঠোর মন্তব্য করেছেন।
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর নতুন সভাপতি তামিম ইকবাল সাবেক অধিনায়কদের সম্মান জানাতে এই ‘ক্যাপ্টেনস কার্ড’ চালুর উদ্যোগ নেন। তবে বিষয়টি ভালোভাবে নেননি তাপস বৈশ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দীর্ঘদিনের বৈষম্যের অভিযোগ তুলে ধরেন।


তাপসের মতে, এই উদ্যোগ অধিনায়ক ও অন্যান্য খেলোয়াড়দের মধ্যে পার্থক্য আরও বাড়িয়ে দিচ্ছে। তিনি উল্লেখ করেন, আগে থেকেই অধিনায়কদের জন্য বিশেষ সুবিধা যেমন আলাদা বসার ব্যবস্থা ছিল, যা এখন আরও একধাপ এগিয়ে গেছে এই কার্ড ব্যবস্থার মাধ্যমে।


উদাহরণ হিসেবে তিনি সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ রফিক-এর কথা তুলে ধরে বলেন, জনপ্রিয়তা বা অবদানের দিক থেকে অনেক সাবেক খেলোয়াড় থাকলেও তারা সমান সুবিধা পাচ্ছেন না।


এছাড়া স্বাস্থ্যবিমার মতো সুযোগ-সুবিধা শুধুমাত্র অধিনায়কদের মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, জাতীয় দলের হয়ে যারা খেলেছেন, অবসরের পর সবারই সমান মর্যাদা পাওয়া উচিত।


শুধু সমালোচনাতেই থেমে থাকেননি তাপস বৈশ্য। তিনি অন্য সাবেক ক্রিকেটারদেরও এই বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। তার ভাষায়, এ ধরনের পদক্ষেপ দলীয় সংহতি নষ্ট করে এবং খেলোয়াড়দের মধ্যে অপ্রয়োজনীয় বিভাজন তৈরি করে।


সবশেষে, ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে সাবেক খেলোয়াড়দের আসীন হওয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এই সাবেক পেসার।

এসআর

সম্পর্কিত খবর