[email protected] সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
২৯ চৈত্র ১৪৩২

দায়িত্ব নিয়েই বড় পরিবর্তন, ক্লাব ক্রিকেটে নতুন সিদ্ধান্ত তামিম ইকবাল-এর

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬ ৩:৫৩ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন দায়িত্ব গ্রহণের পরই ক্লাব ক্রিকেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন তামিম ইকবাল।

এর ফলে স্থবির হয়ে পড়া ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আবারও মাঠে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।


এর আগে সাবেক বোর্ড প্রধান আমিনুল ইসলাম বুলবুল-এর নেতৃত্বে ক্লাবগুলোর অনীহার কারণে ডিপিএল আয়োজন সম্ভব হয়নি। প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগ আংশিকভাবে অনুষ্ঠিত হলেও সব ক্লাব অংশ নেয়নি, ফলে সামগ্রিকভাবে ঢাকার ক্লাব ক্রিকেটে স্থবিরতা দেখা দেয়।


তবে নতুন অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে তামিম ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে ডিপিএল পুনরায় শুরুর উদ্যোগ নিয়েছেন। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, মে মাসের শুরুতে ১২ দল নিয়ে সুপার লিগ ছাড়াই প্রতিযোগিতা আয়োজন করা হবে।


একই সঙ্গে আগের বোর্ডের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও পরিবর্তন করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় বিভাগে অংশ না নেওয়া ক্লাবগুলোকে অবনমনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তবে নতুন কমিটি সেই সিদ্ধান্ত বাতিল করেছে। ক্লাবগুলোর সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্তে উপনীত হয় বিসিবি।


বর্তমানে বোর্ড চায়, চলতি মৌসুমে কোনো বিভাগেই অবনমন বা উন্নীতকরণ না থাকুক। যদিও এতে কিছু ক্লাবের আপত্তি রয়েছে, বিশেষ করে যেসব দল উপরের লিগে ওঠার সুযোগ পেত।


এছাড়া যারা দ্বিতীয় বিভাগে অংশ নেয়নি, তাদের নিয়ে আলাদা একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে। ক্লাবগুলোর প্রস্তাবের ভিত্তিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।


ডিপিএল দ্রুত শেষ করতে নতুন ফরম্যাটও বিবেচনায় নেওয়া হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, একদিনে একাধিক ম্যাচ আয়োজন করে স্বল্প সময়ে লিগ শেষ করা হবে। এর আগে যেখানে এক রাউন্ডের ম্যাচ শেষ হতে দুই দিন লাগত, সেখানে এখন একদিনেই সব ম্যাচ আয়োজনের চিন্তা করা হচ্ছে।


সব মিলিয়ে, নতুন নেতৃত্বে দেশের ক্লাব ক্রিকেটে গতি ফেরানোর চেষ্টা শুরু হয়েছে, যা ক্রিকেটারদের জন্যও ইতিবাচক বার্তা বহন করছে।

এসআর

সম্পর্কিত খবর