[email protected] বুধবার, ৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩

জাতীয় দলকে মিস করছেন মেসি, অবসরে বিশেষ বার্তা দিলেন রোনালদো

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬ ৮:৩৫ এএম

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ফুটবলে ২১ বছরের দীর্ঘ অধ্যায় শেষ করেছেন লিওনেল মেসি। জাতীয় দল

 আর্জেন্টিনা থেকে বিদায় নেওয়ার একদিন না পেরোতেই নীল-সাদা জার্সিকে মিস করতে শুরু করেছেন তিনি। গত বুধবারে বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নেমে এক বর্ণাঢ্য সংবর্ধনা পান এই মহাতারকা।

​বিদায়ের পর ইনস্টাগ্রামে অনুভূতি প্রকাশ করতে গিয়ে মেসি লেখেন, “গতকাল ছিল আমার শেষ ম্যাচ এবং নীল-সাদা জার্সিটা গায়ে জড়ানোর অভাব এখনই অনুভব করছি। আমি জানি আমি সঠিক সিদ্ধান্তই নিচ্ছি। এটি ছিল এক অসাধারণ যাত্রা, আনন্দ আর কিছুটা বিষাদে ভরা। তবে এটুকু নিশ্চিত যে, আমার নেওয়া প্রতিটি পদক্ষেপই ছিল সার্থক।”

​ইনস্টাগ্রাম বার্তায় মেসি তার পরিবারের অবদান, বন্ধুদের সমর্থন, কোচিং স্টাফদের সহায়তা এবং ক্যারিয়ারে খেলা সব ক্লাবের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তিনি স্মরণ করেন আর্জেন্টিনার ফুটবলের মহানায়ক দিয়েগো ম্যারাডোনাকেও। মেসির কথায়, “আমি দিয়েগোর কথা ভুলে যেতে চাই না, যিনি আমাদের দেশকে তার প্রাপ্য মর্যাদার আসনে বসিয়েছিলেন। আমি সবসময়ই বলি, আমাদের প্রতিটি পদক্ষেপে তিনি আমাদের পাশে থেকে এবং স্বর্গ থেকেও আমাদের সহায়তা করেছেন।”

​এদিকে মাঠের দীর্ঘদিনের প্রতিপক্ষ মেসির এই বিদায়বেলায় আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সম্প্রতি পর্তুগাল জাতীয় দলের কোচের সঙ্গে বিভেদের কারণে ক্যাম্প ছাড়ার খবরের মধ্যে থাকলেও মেসির পোস্টে নিজের শ্রদ্ধাবোধ প্রকাশ করেছেন তিনি।

​মেসির পোস্টে দেওয়া মন্তব্যে রোনালদো লেখেন, “লিও, এত বছর ধরে দেশের হয়ে লড়াই করার পর তুমি এমন এক ইতিহাস গড়েছ যা চিরকাল টিকে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রইল। অনেক ভালোবাসা।”

এসআর

সম্পর্কিত খবর