আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের রাতটি আবেগে ভাসলেও জয় দিয়ে স্মরণীয় করে রেখেছে বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচে আর্জেন্টিনার হয়ে দারুণ ভূমিকা রাখেন মেসি। তার পাস থেকে গোল করে বিদায়ী সতীর্থ নিকলাস ওতামেন্দি। পরে মেসির সহায়তায় জালের দেখা পান নিকো পাজ।
ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে নিজেই গোল করে বিদায়টা আরও স্মরণীয় করে তোলেন আর্জেন্টাইন অধিনায়ক।
ম্যাচ শেষে মেসিকে ছাড়া আর্জেন্টিনা দলের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন স্কালোনি। একই সঙ্গে কোচ হিসেবে নিজের দায়িত্ব চালিয়ে যাওয়ারও ইঙ্গিত দেন তিনি।
স্কালোনি বলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে তিনি আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।
মেসির অবদানের প্রশংসা করে স্কালোনি বলেন, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মেসি যে ইতিহাস তৈরি করেছেন, সেটি অসাধারণ।
তার মতো একজন খেলোয়াড়কে পাশে পাওয়ার অভিজ্ঞতা আর কখনো পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। মেসির প্রতি দলের পক্ষ থেকে আজীবন কৃতজ্ঞতা থাকবে বলে জানান আর্জেন্টাইন কোচ।
স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাকে আরও একটি বিশ্বকাপ চক্রের জন্য দায়িত্বে রাখতে আগ্রহী।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক নতুন কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্কালোনি।
মেসিকে ছাড়া সামনে এগিয়ে যাওয়া কঠিন হবে বলেও স্বীকার করেন আর্জেন্টাইন কোচ।
তার মতে, গত কয়েক বছরে জাতীয় দলের সঙ্গে মেসিকে ঘিরে যে অসাধারণ সময় কেটেছে, সেটি স্বাভাবিক কোনো বিষয় ছিল না। ফলে সামনে কঠিন পরিস্থিতি এলেও তরুণ খেলোয়াড়দের নিয়ে নতুনভাবে দল গড়ে তা মোকাবিলা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
স্কালোনি বলেন, জাতীয় দলে উঠে আসা নতুন প্রজন্মকে নিয়ে শক্তিশালী একটি দল গড়া সম্ভব।
তবে মেসি যে বিশেষ আবহ তৈরি করেছিলেন, তার সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। এখন সেই অভিজ্ঞতা পেছনে রেখে নতুন বাস্তবতায় দলকে এগিয়ে নেওয়ার পথ খুঁজতে হবে।
এসআর