[email protected] বুধবার, ৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩

বিদায়বেলায় বিশ্বকাপ ফাইনালের ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে মুখ খুললেন মেসি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬ ১২:০৩ পিএম

সংগৃহীত ছবি

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে নিজের শেষ ম্যাচটি খেলে ফেললেন লিওনেল মেসি। বুয়েন্স

 আয়ার্সের এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেন এই মহাতারকা। ম্যাচে তিনি একটি গোল এবং দুটি অ্যাসিস্ট করেন। দলের হয়ে অন্য দুই গোলদাতা হলেন নিকোলাস ওতামেন্দি ও নিকো পাজ। বিদায়ের দিনে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের হার এবং তা নিয়ে ছড়িয়ে পড়া ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে মুখ খুলেছেন আলবিসেলেস্তে অধিনায়ক।

​২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে আর্জেন্টিনার টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায়। ম্যাচটি নিয়ে নানা ধরনের গুঞ্জন ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়ালেও মেসি স্পষ্ট জানান, মাঠে অস্বাভাবিক কিছুই ঘটেনি।

​নিজের বক্তব্য তুলে ধরে মেসি বলেন, "আমি চিরকাল এখানে থাকতে চাই। তবে মনে হচ্ছে বিদায় বলার এটাই সঠিক সময়। শেষ বিশ্বকাপটা আমার জন্য সত্যিই অনেক বেশি কঠিন ছিল। আমরা আবারও বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছিলাম। খুব কাছাকাছি পৌঁছেও গিয়েছি। সত্যি বলতে কিছু মানুষ যেভাবে বলছেন, তেমন অস্বাভাবিক কিছুই ঘটেনি। আমরা নিজেদের সর্বস্ব দিয়েছিলাম। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি শারীরিক ও মানসিক– দুই দিক থেকেই আমাদের ভীষণভাবে নিঃশেষ করে দিয়েছিল। বাস্তবতা হলো, আমরা কোনোমতে সেই ধকল সামলে উঠি।"

​তিনি আরও যোগ করেন, "এই জার্সি গায়ে আমরা সব সময় যেভাবে লড়াই করেছি, এবারও সেভাবেই লড়েছি। যেসব সতীর্থের সঙ্গে খেলেছি, লড়াই করেছি তাদের সবাইকে নিয়েই। শুধু তাদের সঙ্গে নয়, যারা আমাদের শিরোপা জয়ের সময় দলে ছিল, তাদের সঙ্গেও লড়েছি। এর আগেও আমরা লড়াই করেছি, যদিও দুর্ভাগ্যবশত তখন চ্যাম্পিয়ন হতে পারিনি। আমরা খুব কাছাকাছি পৌঁছেছিলাম। তবে আমার পাশে থাকা প্রত্যেক সতীর্থই এই জার্সির জন্য নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।"

​জাতীয় দলকে ঘিরে বাইরে থেকে আসা সমালোচনা ও আক্রমণের বিষয়ে সতীর্থদের ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব মনে করিয়ে দেন মেসি। আবেগঘন পরিবেশে মেসির বক্তব্য চলাকালে এনজো ফার্নান্দেজসহ অনেক সতীর্থকে কাঁদতে দেখা যায়।

​ভবিষ্যতের কঠিন সময় মোকাবিলার আহ্বান জানিয়ে বিদায়ী অধিনায়ক বলেন, "এটা অনেকবার প্রমাণিত হয়েছে, আমরা যখন একসঙ্গে এবং ঐক্যবদ্ধ থাকি, তখন যে কারও চেয়ে শক্তিশালী হয়ে উঠি। যেকোনো বাধা অতিক্রম করার সামর্থ্যও আমাদের থাকে। সামনে নিশ্চিতভাবেই কঠিন সময় আসবে। কারণ এতদিন ধরে আমরা যা করেছি, তা স্বাভাবিক কোনো বিষয় নয়। সেই কঠিন সময়ে আমাদের আরও বেশি করে তাদের পাশে দাঁড়াতে হবে এবং সমর্থন দিতে হবে।"

​সতীর্থদের উদ্দেশ্যে তিনি শেষবার বলেন, "বড় লক্ষ্য অর্জন করতে হলে শক্তিশালী ও ঐক্যবদ্ধ দল গড়ে তুলতে হয়। কারণ এমন কিছু মানুষ আছে, যারা জাতীয় দলকে ব্যর্থ হতে দেখতে চায়। আমরা তাদের সন্তুষ্ট হতে দিতে পারি না। কঠিন ও প্রতিকূল সময়েই একটি দলের প্রকৃত শক্তি বোঝা যায়। দলের মধ্যে দৃঢ় ঐক্য না থাকলে সাফল্য অর্জন করা খুব কঠিন। আর আমি আপনাদের বলছি, আমরা ছিলাম অসাধারণ একটি দল। সে কারণেই এত কিছু অর্জন করতে পেরেছি।"

এসআর

সম্পর্কিত খবর