[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

২৪৮১ দিন পর ওয়ানডেতে আবারও ‘গোল্ডেন ডাক’ কোহলির

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬ ৭:০২ পিএম

সংগৃহীত ছবি

দীর্ঘ প্রায় সাত বছর পর ওয়ানডেতে আবারও প্রথম বলেই শূন্য রানে ফিরলেন বিরাট কোহলি।

ভারতের তারকা ব্যাটার সর্বশেষ ২০১৯ সালে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। এবার পাঞ্জাবের মুল্লানপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জেডেন সিলসের প্রথম বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।

 

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। সিরিজের প্রথম ওয়ানডেতে অপরাজিত শতক এবং দ্বিতীয় ম্যাচে ২৯ রান করা কোহলির কাছ থেকে শেষ ম্যাচেও বড় ইনিংসের প্রত্যাশা ছিল। কিন্তু ইনিংসের শুরুতেই সিলসের বলে তার অফ স্টাম্প ভেঙে যায়।

 

২০১৯ সালের ১৮ ডিসেম্বর বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে প্রথম বলে আউট হয়েছিলেন কোহলি। সেবার তাকে ফেরান কাইরন পোলার্ড। এর আগে ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি এবং ২০১৩ সালে ইংল্যান্ডের টিম ব্রেসনানও ওয়ানডেতে কোহলিকে প্রথম বলেই সাজঘরে পাঠিয়েছিলেন।

 

ওয়ানডে ক্যারিয়ারে এটি কোহলির চতুর্থ ‘গোল্ডেন ডাক’। পাশাপাশি ৫০ ওভারের ক্রিকেটে তার মোট ডাকের সংখ্যা দাঁড়িয়েছে ১৯টিতে। ভারতের ব্যাটারদের মধ্যে এ তালিকায় কোহলির ওপরে রয়েছেন শুধু শচীন টেন্ডুলকার। ৪৬৩ ওয়ানডেতে শচীনের ডাক ২০টি। কোহলির ৩১৭ ম্যাচে ১৯টি শূন্য রানের ইনিংস রয়েছে। সাবেক ভারতীয় পেসার জাভাগাল শ্রীনাথেরও ওয়ানডেতে ডাকের সংখ্যা ১৯।

 

তবে ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি ডাকের রেকর্ড রয়েছে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক সনৎ জয়াসুরিয়ার। ৪৪৫ ম্যাচে ৩৪ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি।

এসআর

সম্পর্কিত খবর