এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মালয়েশিয়াকে।
নিশিনে মালয়েশিয়া ও ওমানের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে টানা বৃষ্টির কারণে টসও করা সম্ভব হয়নি। পরে ম্যাচটি বাতিল হলে দুই দলকে এক পয়েন্ট করে দেওয়া হয়। এতে দুই ম্যাচে মোট তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মালয়েশিয়া।
গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টারে উঠেছে হংকং। তাদের সংগ্রহ দুই পয়েন্ট। এক পয়েন্ট পাওয়া ওমানকে বিদায় নিতে হয়েছে গ্রুপপর্ব থেকেই। কোয়ার্টার ফাইনালে হংকংয়ের প্রতিপক্ষ পাকিস্তান।
‘এ’ গ্রুপ থেকেও বৃষ্টির প্রভাব পড়েছে। নেপাল ও জাপানের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় গ্রুপপর্ব থেকেই বাদ পড়েছে স্বাগতিক জাপান। গ্রুপের শীর্ষে থাকা নেপাল কোয়ার্টারে খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। আর আফগানিস্তানের সামনে প্রতিপক্ষ ভারত।
আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছে।
আগামী সোমবার শুরু হবে শেষ আটের লড়াই। বাংলাদেশ সময় সকাল ৬টায় পাকিস্তান ও হংকংয়ের ম্যাচ দিয়ে শুরু হবে কোয়ার্টার ফাইনাল। একই দিন সকাল ১১টায় আফগানিস্তানের বিপক্ষে খেলবে ভারত।
বাংলাদেশের ম্যাচ মঙ্গলবার সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে। একই দিনে সকাল ৬টায় মাঠে নামবে নেপাল ও শ্রীলঙ্কা।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়া এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে। ২০২৩ সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে ২ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।
এসআর