[email protected] বুধবার, ৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩

শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হার, এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬ ১০:০৮ এএম

সংগৃহীত ছবি

এশিয়ান গেমসের ক্রিকেটে পদক জয়ের আশা নিয়ে মাঠে নেমেও শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হচ্ছে বাংলাদেশকে।

সেমিফাইনালে পাকিস্তানের কাছে পরাজয়ের পর এবার ব্রোঞ্জপদকের ম্যাচেও শ্রীলঙ্কার কাছে ৬৩ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এর ফলে নারী দলের পর পুরুষ দলও ক্রিকেটে কোনো পদক ছাড়াই আসর শেষ করল।

 

জাপানের নাগোয়ায় টস হেরে আগে বোলিংয়ে নামে বাংলাদেশ। শুরুতেই দারুণ চাপে পড়ে শ্রীলঙ্কা। অভিষেক ম্যাচে আলিস আল ইসলামের স্পিনে বিপর্যস্ত হয়ে মাত্র ২১ রানেই চার উইকেট হারায় লঙ্কানরা। তবে এরপর থারিন্দু রত্নায়েকে ও সহান আরাচাগে দলের হাল ধরেন। তাদের ব্যাটিংয়ে ধীরে ধীরে ম্যাচে ফেরে শ্রীলঙ্কা।

 

শেষ দিকের ওভারগুলোতে বাংলাদেশের বোলিং কিছুটা ছন্দ হারালে সেটির সুযোগ নেয় শ্রীলঙ্কা। এমনকি মোস্তাফিজুর রহমানের এক ওভার থেকেই ২৫ রান সংগ্রহ করে তারা। রত্নায়েকের মাত্র ৩২ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে মেহেদী হাসান, সাইফ হাসান ও মোস্তাফিজুর রহমান দুটি করে উইকেট নেন।

 

জবাবে ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। কোনো রান যোগ হওয়ার আগেই বিদায় নেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান। এরপর অধিনায়ক লিটন দাসও শূন্য রানে বোল্ড হলে মাত্র ৯ রানেই তিন উইকেট হারায় দল।

 

প্রথম সারির ব্যাটারদের ব্যর্থতার পর মিডল অর্ডারও প্রতিরোধ গড়তে পারেনি। তাওহিদ হৃদয় ১১ এবং পারভেজ হোসেন ২০ রান করে ফেরেন। ফলে ৬৪ রানেই ছয় উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় বাংলাদেশ।

 

শেষ দিকে নাসুম আহমেদের ২৮ বলে ২৬ রানের ইনিংস ছাড়া আর কেউ উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। ১৭.৩ ওভারে ১০২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। এতে ৬৩ রানের জয় নিয়ে ব্রোঞ্জপদক নিজেদের করে নেয় শ্রীলঙ্কা।

এসআর

সম্পর্কিত খবর