[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

নেশনস লিগের আগে স্পেন শিবিরে ধাক্কা, ছিটকে গেলেন পেদ্রো পোরো

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬ ৮:১৩ পিএম

সংগৃহীত ছবি

উয়েফা নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে বড় ধাক্কা খেল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।

চোটের  কারণে আসন্ন ম্যাচগুলোতে মাঠে নামতে পারবেন না দলের গুরুত্বপূর্ণ রাইটব্যাক পেদ্রো পোরো। বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

 

শনিবার অ্যাস্টন ভিলার বিপক্ষে টটেনহামের ম্যাচে চোট পান পোরো। এরপর পরীক্ষা-নিরীক্ষার পর তাকে লুইস দে লা ফুয়েন্তের ঘোষিত স্পেন দল থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে আপাতত ২৫ সদস্যের স্কোয়াড নিয়েই নেশনস লিগের প্রস্তুতি নিচ্ছে স্পেন।

 

২০২৬ বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ে পোরোর গুরুত্বপূর্ণ অবদান ছিল। রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও কার্যকর ভূমিকা রেখেছেন তিনি। ডান প্রান্তে লামিনে ইয়ামালের সঙ্গে তার বোঝাপড়াও ছিল উল্লেখযোগ্য। বিশ্বকাপের ছয় ম্যাচেই শুরুর একাদশে ছিলেন ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার। টুর্নামেন্টে দুটি গোলও করেন তিনি।

 

নেশনস লিগের পরবর্তী পর্বে স্পেনকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে। আগামী ২৬ সেপ্টেম্বর লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু হবে।

 

এরপর ২৯ সেপ্টেম্বর ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে স্পেন। ৩ অক্টোবর চেকিয়ার বিপক্ষে ম্যাচের পর ৬ অক্টোবর আবারও ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা।

 

পোরোর চোটের কারণে নেশনস লিগের শুরুতেই স্পেনকে তার বিকল্প নিয়ে পরিকল্পনা করতে হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর