যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক রবিবার সাভারে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শনে যান। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তার প্রথম বিকেএসপি সফর।
সেখানে তাকে স্বাগত জানান প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ।
পরিদর্শনকালে বিকেএসপির চলমান কার্যক্রম, প্রশিক্ষণ পদ্ধতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ধারণা নেন প্রতিমন্ত্রী। পরে জিমন্যাসিয়ামে প্রশিক্ষণার্থীদের শারীরিক কসরত এবং বিভিন্ন খেলাধুলার গেম ডিসপ্লে উপভোগ করেন তিনি।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, একসময় তিনিও বিকেএসপির শিক্ষার্থী ছিলেন এবং ফুটবল খেলেছেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে জাতীয় ফুটবল দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি। বর্তমান প্রশিক্ষণার্থীদের পারফরম্যান্স দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে। ইতোমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে সফল ১২৯ জন খেলোয়াড়কে ক্রীড়া ভাতা ও বিশেষ কার্ড প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে আরও খেলোয়াড়কে এ সুবিধার আওতায় আনা হবে।
তৃণমূল পর্যায়ে প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে একটি কর্মসূচি চালুর কথাও জানান প্রতিমন্ত্রী। ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে শুরু হতে যাওয়া এই উদ্যোগ আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে সারা দেশে একযোগে চালু হবে। নির্বাচিতদের বিকেএসপিতে এনে প্রশিক্ষণের পাশাপাশি শিক্ষাবৃত্তির সুযোগ দেওয়া হবে।
পরিদর্শনের শেষ দিকে প্রতিমন্ত্রী বিকেএসপির বিভিন্ন ক্রীড়া স্থাপনা ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তার উপস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস দেখা যায়।
এসআর