[email protected] বুধবার, ১ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

৬১ দিনে ৬৪ জেলা ভ্রমণ: থ্যালাসেমিয়া সচেতনতায় তরুণ জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ

ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬ ১:২৭ এএম

সংগৃহীত ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেয়াকো এলাকার তরুণ শেখ জাহিদ হাসান স্বল্প সময় ও সীমিত ব্যয়ে দেশের ৬৪টি জেলা ভ্রমণ করে থ্যালাসেমিয়া সচেতনতা তৈরিতে নতুন উদাহরণ সৃষ্টি করেছেন।

পুরো যাত্রাটি তিনি ব্যক্তিগত উদ্যোগে এবং কোনো আর্থিক সহায়তা ছাড়াই সম্পন্ন করেন।


গত ১ ডিসেম্বর নিজ এলাকা থেকে যাত্রা শুরু করে দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে তিনি শেষ পর্যন্ত ঢাকায় এসে ভ্রমণ সমাপ্ত করেন।

পথ চলায় বাস, ট্রাক, অটোরিকশা ও সিএনজিসহ বিভিন্ন যানবাহনে ভ্রমণ করেছেন, যেখানে স্থানীয় মানুষের সহযোগিতায় তার যাতায়াত ব্যয় বহুলাংশে কমে আসে।

একইভাবে খাবার ও থাকার ব্যবস্থাও করেছেন স্থানীয়দের সহায়তায়।


জাহিদ জানান, বিদেশমুখী হওয়ার প্রবণতার মাঝেও নিজের দেশকে কাছ থেকে জানা এবং মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি ও মানসিকতা বোঝার আগ্রহ থেকেই তিনি এই ভ্রমণে বের হন। যাত্রাপথে বিভিন্ন মানুষের সঙ্গে মিশে তিনি বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।


ভ্রমণের পাশাপাশি থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা ছড়াতে কাজ করেন তিনি। বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে রোগটি সম্পর্কে ধারণা দেন।

এ কাজে তাকে সহায়তা করেছে ফটিকছড়ি ব্লাড ডোনার্স ক্লাব।


তবে এই দীর্ঘ পথচলা সহজ ছিল না। চট্টগ্রাম বিভাগের বাইরে গিয়ে তাকে অনেক সময় অপরিচিত মানুষের ওপর নির্ভর করতে হয়েছে।

ভ্রমণের ভিডিও অনলাইনে প্রকাশ করতে শুরুতে সীমিত অর্থ ব্যবহার করলেও পরবর্তীতে জেলা প্রশাসনের সহায়তায় উন্নত মানের মাইক্রোফোন সংগ্রহ করতে সক্ষম হন, যা তার কনটেন্টের মান উন্নত করেছে।


জাহিদের মতে, অর্থের অভাবে ভ্রমণ কঠিন হলেও দৃঢ় মনোবল থাকলে তা সম্ভব। ভবিষ্যতে তিনি আন্তর্জাতিক পর্যায়ে ভ্রমণের পরিকল্পনা করছেন। স্পনসরশিপ না পেলে নিজস্ব আয়ের মাধ্যমে সেই স্বপ্ন পূরণের লক্ষ্য রয়েছে তার।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর