শুক্রবার (৬ নভেম্বর) সকালে গাইবান্ধা জেলা পরিষদ হলরুমে জাতীয় নাগরিক পার্টির
(এনসিপি) আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, বিএনপি সরকার গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে ক্ষমতায় টিকে আছে।
তিনি বলেন, ক্ষমতায় আসার পর বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি, বরং তারা আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প হাতে নিয়েছে এবং সারাদেশে মামলা বাণিজ্য করছে। জিয়াউর রহমান অতীতে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়ে যে ঐতিহাসিক ভুল করেছিলেন, তারেক রহমানের তা থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। এছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটের ওপর নির্ভর না করে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দেন এনসিপি আহ্বায়ক।
এনসিপির জেলা সমন্বয়ক খাদেমুল ইসলাম খুদির সভাপতিত্বে এবং জেলা সদস্যসচিব রাহাদ ইবনে শহীদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক ডা. কামরুল ইসলাম দর্পণ এবং সহসাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসাইন।
এইচ/এম