জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্ব ও দলটির সাংগঠনিক অবস্থান নিয়ে কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
গণঅভ্যুত্থানের পর এনসিপির রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়ার জন্যও নাহিদের নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি উল্লেখ করেন, নাহিদ ইসলাম আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানালেও পোশাকশ্রমিকেরা কাজে ফিরে গেছেন। তার মতে, নাহিদের ডাকে আগের মতো মানুষের সাড়া পাওয়া যাচ্ছে না।
এনসিপির বর্তমান সাংগঠনিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী। তিনি জানতে চান, গণঅভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ হিসেবে পরিচিত নাহিদ ইসলামের নেতৃত্বে দলটি কেন প্রত্যাশিত অবস্থান ধরে রাখতে পারেনি এবং এর দায় তিনি এড়াতে পারেন কি না।
রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিজেদের ভূমিকা নিয়ে নাহিদ ইসলাম ও তার অনুসারীদের মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস কাজ করেছিল। আন্দোলনে অন্যদের অবদানও গুরুত্বপূর্ণ ছিল বলে মন্তব্য করেন তিনি।
এনসিপি থেকে নেতাদের পদত্যাগের বিষয়টিও নিজের পোস্টে তুলে ধরেন রাশেদ খাঁন। সামান্তা শারমিনের মতো নেত্রীকে দলে ধরে রাখতে না পারার প্রসঙ্গ টেনে তিনি নাহিদের নেতৃত্বের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনসিপির যুগ্ম আহ্বায়কের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন সামান্তা শারমিন। নিজের দেওয়া দীর্ঘ বিবৃতিতে দলটির রাজনৈতিক অবস্থান ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে একাধিক আপত্তির কথা জানান তিনি।
পদত্যাগের কারণ হিসেবে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের উদ্যোগ, দলের আদর্শগত অবস্থান থেকে সরে আসা, নারীর রাজনৈতিক অধিকার উপেক্ষা এবং অভ্যন্তরীণ গণতন্ত্রের ঘাটতির অভিযোগ তুলে ধরেন সামান্তা শারমিন।
এফ/ডি