[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

৭ নভেম্বরের কর্মসূচি পালনে দেশবাসীকে শফিকুর রহমানের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬ ৬:৩৬ পিএম

সংগৃহীত ছবি

আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযথ মর্যাদায় পালনের জন্য দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

 

বিবৃতিতে শফিকুর রহমান বলেন, বাংলাদেশের ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার লক্ষ্যে সৈনিক ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণে রাজপথে প্রতিরোধ গড়ে উঠেছিল। এর মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায়ের সূচনা হয়।

 

তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বরের সামরিক অভ্যুত্থানের পর দেশে যে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল, ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহে তা নতুন দিকে মোড় নেয়। এ সময় ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগানে মুখরিত জনতার অংশগ্রহণ জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আকাঙ্ক্ষাকে তুলে ধরে।

 

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, দেশ এখনো বিভিন্ন ধরনের জাতীয় ও রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষায় জাতীয় ঐক্য জরুরি। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্বৈরাচারী শাসনব্যবস্থা কিংবা ফ্যাসিবাদী প্রবণতা ফিরে আসার যেকোনো প্রচেষ্টা প্রতিরোধ করতে হবে।

 

দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহত করার লক্ষ্যে ছাত্র-জনতা, রাজনৈতিক দল, সরকার ও সামরিক বাহিনীসহ সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

 

বিবৃতির শেষাংশে ৭ নভেম্বর উপলক্ষে দেশপ্রেম, জাতীয় সংহতি ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন বিরোধীদলীয় নেতা।

এফ/ডি

সম্পর্কিত খবর