সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন
পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৈট্রা এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে বর্তমানে সুপেয় সরবরাহের কাজে ভূগর্ভস্থ পানি ব্যবহার করা হচ্ছে। তিনি নতুন প্রকল্প বাড়ানোর চেয়ে চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ করার ওপর জোর দেন, যাতে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি মানুষ দ্রুত সুফল পেতে পারে। মানিকগঞ্জের প্রতিটি উপজেলায় নিরাপদ পানির সুবিধা পৌঁছে দিতে তিনি প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানান।
পরিদর্শনের অংশ হিসেবে প্রতিমন্ত্রী সাটুরিয়া উপজেলায় পানির উৎস স্থাপন কাজ ঘুরে দেখেন এবং ফুকুরহাটি ইউনিয়নের ভাসিয়ালি কৃষ্টপুর ও কান্দাপাড়া এলাকায় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে কথা বলেন। সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অনিক ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খানসহ স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
এসআর