[email protected] সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও কামালসহ ২২ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৭:৪০ পিএম

সংগৃহীত ছবি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক

 অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) এখন পর্যন্ত সাতটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। এসব মামলায় মোট ৬৮ জন আসামিকে বিভিন্ন মেয়াদে দণ্ড প্রদান করা হয়, যার মধ্যে পৃথক ব্যক্তি হিসেবে ২২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২২ জনের মধ্যে ১৮ জন বর্তমানে পলাতক এবং চারজন কারাগারে রয়েছেন।

​সর্বশেষ ১৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল-২-এর সপ্তম রায়ে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাত নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ মামলার অন্য মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন এবং শেখ ওয়ালী আসিফ ইনান। আসামিদের অনুপস্থিতিতেই এ বিচারকাজ সম্পন্ন হয়।

​ঘোষিত সাতটি মামলার সংক্ষিপ্ত চিত্র নিচে তুলে ধরা হলো:

  • শেখ হাসিনা মামলা: ১৭ নভেম্বর ২০২৫-এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
  • চানঁখারপুল হত্যাকাণ্ড: ২৬ জানুয়ারি ২০২৬-এ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৩ পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
  • আশুলিয়া হত্যাকাণ্ড ও লাশ পোড়ানো: ৫ ফেব্রুয়ারি ২০২৬-এ সাবেক এমপি সাইফুল ইসলাম ও যুবলীগ ক্যাডার রনি ভূঁইয়াসহ ৬ জনকে মৃত্যুদণ্ড, ৭ জনকে যাবজ্জীবন এবং ২ জনকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
  • আবু সাঈদ হত্যাকাণ্ড: ৯ এপ্রিল ২০২৬-এ সাবেক এএসআই আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড, ৩ জনকে যাবজ্জীবন এবং অন্যান্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
  • রামপুরা-বনশ্রী হত্যাকাণ্ড: ২৮ জুন ২০২৬-এ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনকে মৃত্যুদণ্ড, ১ জনকে যাবজ্জীবন এবং ১ জনকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। (উল্লেখ্য, হাবিবুর রহমান দুটি পৃথক মামলায় মৃত্যুদণ্ড পান)।
  • হাসানুল হক ইনু মামলা: ৩০ জুন ২০২৬-এ জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ৩টি অভিযোগে মোট ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং ৫টি অভিযোগ থেকে খালাস দেওয়া হয়।
  • ওবায়দুল কাদের মামলা: ১৫ সেপ্টেম্বর ২০২৬-এ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ জন শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

​মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২২ জনের মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব ও সহযোগী সংগঠনের নেতাকর্মী রয়েছেন ১১ জন (শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন, শেখ ওয়ালী আসিফ ইনান, সাইফুল ইসলাম ও রনি ভূঁইয়া)। বাকি ১১ জন হলেন পুলিশ কর্মকর্তা। দণ্ডপ্রাপ্তদের মধ্যে শুধু আব্দুল মালেক, মুকুল চোখদার, আমির হোসেন ও সুজন চন্দ্র রায় কারাগারে আছেন এবং অবশিষ্ট ১৮ জন পলাতক।

এসআর

সম্পর্কিত খবর