দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী তিন থেকে চার মাসের মধ্যে তিতাস ও বাখরাবাদ গ্যাসক্ষেত্রের আরও চারটি কূপের কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এসব কূপ থেকে জাতীয় গ্রিডে প্রায় সাড়ে ৬৭ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস সরবরাহ করা যেতে পারে।
বিজিএফসিএল সূত্রে জানা গেছে, তিতাস গ্যাসক্ষেত্রের ২৮, ২৯, ৩০ ও ৩১ নম্বর এবং বাখরাবাদ গ্যাসক্ষেত্রের ১১ নম্বর কূপের খননকাজ চলমান।
নির্ধারিত সময়ে এসব কূপের কার্যক্রম শেষ হলে দেশে উৎপাদিত গ্যাসের পরিমাণ আরও বাড়বে।
সংশ্লিষ্টরা বলছেন, দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে নতুন কূপ খনন এবং বিদ্যমান গ্যাসক্ষেত্রের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।
এর ফলে গ্যাসের আমদানিনির্ভরতার ওপর চাপ কিছুটা কমানোর সুযোগ তৈরি হবে।
বিজিএফসিএলের মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী মো. আশরাফুল আলম জানান, শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী তিতাস-২৮ নম্বর কূপের উদ্বোধন করবেন। উদ্বোধনের পরই কূপটি জাতীয় গ্যাস গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হবে।
তাঁর মতে, নতুন এই কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু হলে দেশীয় উৎসের উৎপাদন বাড়বে এবং জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে তা ইতিবাচক ভূমিকা রাখবে।
এসআর