মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস অনলাইনে হবে নাকি সরাসরি—এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, বিষয়টি নিয়ে চলতি সপ্তাহেই সিদ্ধান্ত নেওয়া হবে। এ জন্য আগামী এক-দুই দিনের মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
এর আগে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছিলেন, জ্বালানি পরিস্থিতির কারণে ক্লাস পরিচালনার পদ্ধতি নিয়ে আলোচনা চলছে। তবে তখনও কোনো সিদ্ধান্ত হয়নি এবং শিক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে আরও পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে।
রমজান ও ঈদুল ফিতরের ছুটি শেষে সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছে। কিন্তু বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় শিক্ষাখাতে আংশিক অনলাইন ক্লাস চালুর বিষয়টি আলোচনায় এসেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সপ্তাহে একদিন অনলাইন ক্লাস চালুর একটি প্রস্তাব নিয়ে আলোচনা হলেও সেটি এখনো অনুমোদন পায়নি। পরিস্থিতি বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয় শিগগিরই এ বিষয়ে নির্দেশনা দিতে পারে।
এসআর