[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬ ৫:০১ পিএম

সংগৃহীত ছবি

দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক নেতাদের নিজেদের আগে দুর্নীতিমুক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তাঁর মতে, রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সততা ও স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে দুর্নীতি নির্মূলের প্রচেষ্টা সফল হবে না।

বুধবার (২১ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দুর্নীতি বন্ধের উদ্যোগ কার্যকর করতে হলে প্রথমেই রাজনৈতিক নেতৃত্ব ও নেতাদের নিজেদের দুর্নীতিমুক্ত হতে হবে।

যারা দুর্নীতি প্রতিরোধের কথা বলবেন, তাদের নিজেদের আচরণেও সততা নিশ্চিত করা জরুরি। তা না হলে দুর্নীতি বন্ধের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার আশঙ্কা থাকবে।

সভায় শিক্ষকদের উদ্দেশে মো. আসাদুজ্জামান বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করা শিক্ষকদের জন্য ক্রমেই চ্যালেঞ্জিং হয়ে উঠছে।

শিক্ষার্থীদের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে, যা উদ্বেগের বিষয়। তাদের এ ঝুঁকি থেকে ফিরিয়ে আনতে শিক্ষকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের বর্তমান পরিস্থিতি ও চাহিদা বিবেচনায় নিয়ে নতুনভাবে চিন্তা করতে হবে।

পাশাপাশি তাদের সঠিক পথে পরিচালনার জন্য শিক্ষকদের সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ এবং কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এসআর

সম্পর্কিত খবর