রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তিন ব্যক্তিকে দুই দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন মো. আকাশ আহম্মেদ সামির ওরফে আবদুল্লাহ (২৫), মো. শাখাওয়াত হোসেন (৪৮) ও মো. নুর নবী (৩০)।
মামলার নথি অনুযায়ী, গত ১০ অক্টোবর রাত আনুমানিক ১টা ১০ মিনিটে জাহাঙ্গীর গেট থেকে আগারগাঁওয়ের দিকে যাওয়া লিংক রোডের প্রবেশমুখে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরিত ককটেলের অংশ এবং দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
এ ঘটনায় ওই দিন তেজগাঁও থানার উপপরিদর্শক মো. মাহিদুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। মামলার এজাহারে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মী এবং সমর্থকদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তদন্তের অংশ হিসেবে পরে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক মো. আব্দুর রহিম গত ১১ অক্টোবর আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। সেদিন আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং রিমান্ড আবেদনের শুনানির জন্য ১৫ অক্টোবর তারিখ নির্ধারণ করেন।
বৃহস্পতিবার শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আসামিদের রিমান্ডে নেওয়ার পক্ষে যুক্তি দেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনির হোসাইন সুমনসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত তিন আসামির প্রত্যেককে দুই দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।
এসআর