মরিশাসে কর্মরত অবস্থায় ভয়াবহ দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।
মরিশাসের সংবাদমাধ্যম ডেফি মিডিয়া ও লেক্সপ্রেসের তথ্য অনুযায়ী, নিহতরা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) এবং সিকদার জুবায়েদ ইসলাম (২৫)। তিনজনই প্লেইন-দেস-পাপায়েস এলাকার একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে একটি কনটেইনার থেকে কাচের প্যানেল বোঝাই ভারী বাক্স নামানোর কাজ করছিলেন তারা। এ সময় কোনো কারণে বাক্সটি নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কী কারণে ভারী বাক্সটি পড়ে গেল এবং এ ঘটনায় কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
একই দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের প্রাণহানির ঘটনায় মরিশাসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এ/এইচ/টি