[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

গাজায় ইসরাইলি বিমান ও ড্রোন হামলায় শিশুসহ নিহত ৭

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬ ৯:১৯ এএম

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক বাহিনীর তাণ্ডবে অন্তত সাত ফিলিস্তিনি

 নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু ও এক দম্পতি রয়েছেন। পৃথক এসব হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

​মঙ্গলবার (২০ অক্টোবর) গাজা উপত্যকার বিভিন্ন এলাকা লক্ষ্য করে এসব হামলা চালায় দখলদার ইসরাইল। চিকিৎসা সূত্রের বরাতে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য নিশ্চিত করেছে।

​আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, মধ্য গাজার নুসেইরাত শরণার্থীশিবিরের পশ্চিমে আল-সাওয়ারহা কবরস্থানের কাছে ইসরাইলি হামলায় এক ফিলিস্তিনি নিহত ও অপর একজন আহত হন। অন্যদিকে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের আল-কুসাইস এলাকায় ড্রোন হামলায় গুরুতর আহত এক ফিলিস্তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

​এ ছাড়া গাজা সিটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেইতুন এলাকায় দখলদার বাহিনীর হামলায় এক ফিলিস্তিনি প্রাণ হারান এবং মধ্য গাজার ওয়াদি গাজা এলাকায় ইসরাইলি বাহিনীর গুলিতে এক শিশু নিহত হয়।

​এদিকে, গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত তিন নারীসহ চারজনকে দ্রুত আল-শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আল-শিফা হাসপাতালের কাছের ওই বাড়িটি লক্ষ্য করে ইসরাইলি হেলিকপ্টার থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার পরপরই ভবনটিতে আগুন ধরে গেলে পরবর্তীতে ফায়ার সার্ভিস ও বেসামরিক প্রতিরক্ষা দল তা নিয়ন্ত্রণে আনে।

​গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর চুক্তি হওয়া যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করে ইসরাইলি হামলায় এ পর্যন্ত ১,৫২২ ফিলিস্তিনি নিহত এবং ৫,৪২১ জন আহত হয়েছেন।

​উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া টানা ইসরাইলি আগ্রাসনে মোট ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। একই সাথে উপত্যকাটির প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো আংশিক বা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর