[email protected] সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩

কাবা শরিফের সামনে স্বামীর সঙ্গে ছবি, বিয়ের খবর প্রকাশ্যে আনলেন নাজনীন নীহা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬ ৪:০৯ পিএম

সংগৃহীত ছবি

ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা বরাবরই নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। গত জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে একজনের সঙ্গে সম্পর্কে থাকার কথা জানিয়েছিলেন তিনি।

তবে সেই সম্পর্কের পরিণতি কী, সে বিষয়ে তখন কোনো তথ্য দেননি। এবার সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরিফের সামনে সঙ্গীর সঙ্গে ছবি প্রকাশ করে বিয়ের বিষয়টি সামনে আনলেন অভিনেত্রী।

 

রোববার (৮ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি পোস্ট করেন নীহা। একটি ছবিতে দেখা যায়, কাবা শরিফের সামনে এক ব্যক্তি তাঁকে পেছন থেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন। দুজনের মুখ কাবার দিকে থাকায় ছবিতে তাঁদের চেহারা বোঝা যায়নি। অপর ছবিতে দেখা যায়, দুজন পরস্পরের হাত ধরে আছেন। পেছনে রয়েছে পবিত্র কাবা শরিফ।

 

ছবির সঙ্গে দেওয়া বার্তায় নীহা জানান, এত দিন নিজেদের ব্যক্তিগত পরিসরে রাখা জীবনের বিশেষ একটি অধ্যায় এবার সবার সামনে তুলে ধরতে চান তাঁরা। আল্লাহর দেওয়া এই সম্পর্ক এবং পবিত্র কাবা শরিফে একসঙ্গে উপস্থিত হওয়ার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

 

পোস্টের শেষাংশে নিজেদের নতুন বন্ধনের জন্য সবার কাছে দোয়া চান অভিনেত্রী। তাঁদের দাম্পত্যজীবন যেন আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকে, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

 

নীহার পোস্টে বিয়ের বিষয়টি স্পষ্ট হওয়ার ইঙ্গিত মিললেও এ বিষয়ে নিশ্চিত হতে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত অভিনেত্রীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

এদিকে, নীহার এমন ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন তাঁর ভক্ত ও অনুসারীরা। তবে স্বামীর নাম কিংবা পরিচয় এখনো প্রকাশ করেননি অভিনেত্রী।

 

এর আগে এক পাকিস্তানি যুবকের সঙ্গে নীহার প্রেমের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছিল। যদিও এ নিয়ে কখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তিনি। এবার বিয়ের খবর সামনে আনলেও জীবনসঙ্গীর পরিচয় গোপন রেখেছেন এই অভিনেত্রী।

এফ/ডি

সম্পর্কিত খবর