[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

ছেলের জন্মদিনে জয়কে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৮:১৬ পিএম

সংগৃহীত ছবি

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক শাকিব খানের একমাত্র সন্তান আব্রাম খান জয় ১০ বছরে পা দিয়েছে।

ছেলের জন্মদিন ঘিরে শুভেচ্ছা ও ভালোবাসার পাশাপাশি বিশেষ আয়োজন করেছেন অপু বিশ্বাস। এবার জয়কে সঙ্গে নিয়ে জন্মদিন উদযাপনের অংশ হিসেবে কক্সবাজারে গেছেন তিনি।

 

কক্সবাজার যাওয়ার মুহূর্তের একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অপু। ছবিতে উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অপুর পরনে ছিল গোলাপি রঙের কাজ করা সালোয়ার-কামিজ ও চোখে রোদচশমা। জয়ের পরনে ছিল কালো টি-শার্ট-প্যান্ট। তার চোখে রোদচশমার পাশাপাশি মুখে ছিল কালো মাস্ক।

 

ছবিটির সঙ্গে ভালোবাসার ইমোজি দিয়ে অপু লিখেছেন, ‘ফ্লাই টু কক্সবাজার, আব্রাম খান জয় বার্থডে স্পেশাল ট্রিপ।’

 

এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) জন্মদিনের প্রথম প্রহরে ছেলেকে নিয়ে আবেগঘন একটি পোস্ট দেন অপু বিশ্বাস। জয়ের সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে তিনি ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তাকে নিজের জীবনের অন্যতম সুন্দর উপহার হিসেবে উল্লেখ করেন।

 

জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাবা শাকিব খানও। ছেলের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তিনি জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তার ভবিষ্যৎ স্বপ্ন পূরণের জন্য শুভকামনা জানান।

 

২০০৮ সালে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ক্যারিয়ারের বিষয়টি বিবেচনায় রেখে দীর্ঘ সময় তারা নিজেদের বিয়ের খবর গোপন রাখেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে তাদের ছেলে আব্রাম খান জয়ের জন্ম হয়।

 

এরপর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে ছেলেকে সঙ্গে নিয়ে হাজির হন অপু বিশ্বাস। ওই অনুষ্ঠানে শাকিব খানের সঙ্গে তার বিয়ে এবং সন্তানের বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনাটি তখন ব্যাপক আলোচনার জন্ম দেয়।

 

বাবা-মায়ের জনপ্রিয়তার কারণে ছোটবেলা থেকেই গণমাধ্যম ও ভক্তদের আগ্রহের কেন্দ্রে রয়েছে আব্রাম খান জয়। প্রতি বছর তার জন্মদিন ঘিরেও থাকে নানা আয়োজন। এবার দশম জন্মদিনে মা অপু বিশ্বাসের সঙ্গে কক্সবাজার ভ্রমণ সেই উদযাপনে যোগ করেছে নতুন মাত্রা।

এসআর

সম্পর্কিত খবর