শিশুশিল্পী হিসেবে অভিনয়ে যাত্রা শুরু।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নির্মাতা অনন্য মামুনের ‘দানব’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করবেন নমনি। যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন নমনি। পরে আদনান আল রাজীবের ‘বিকাল বেলার পাখি’ নাটকে অভিনয় করে নজরে আসেন তিনি। শিশুশিল্পী হিসেবেও বড় পর্দায় কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ‘পোড়ামন ২’ সিনেমায় পূজা চেরির শৈশবের চরিত্রে অভিনয় করেন নমনি। এর আগে ‘লাভ ২০১৪’ সিনেমার শুটিংয়েও অংশ নিয়েছিলেন তিনি। ওই ছবির শুটিংয়ের সময় শাকিব খানের সঙ্গে নমনির একটি ছবি সম্প্রতি আলোচনায় আসে।
তবে তাঁর অভিনয়জীবনে সবচেয়ে বেশি পরিচিতি এনে দেয় দীপ্ত টিভির ধারাবাহিক ‘মাশরাফি জুনিয়র’। ২০২০ সালে পঞ্চম শ্রেণিতে পড়ার সময় ধারাবাহিকটিতে যুক্ত হন নমনি। এরপর প্রায় পাঁচ বছর একই চরিত্রে অভিনয় করেন তিনি। ধারাবাহিকটির সমাপ্তির সময় তিনি দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
‘মাশরাফি জুনিয়র’ শেষ হওয়ার পর অভিনয় থেকে কিছুটা বিরতি নিয়ে পড়াশোনায় মন দেন নমনি। পাশাপাশি নতুনভাবে পর্দায় ফেরার প্রস্তুতিও নিতে থাকেন। এবার সেই প্রস্তুতির পর বড় পর্দায় নায়িকার চরিত্রে কাজের সুযোগ এসেছে বলে জানা গেছে।
‘দানব’ সিনেমায় নমনির অভিনয়ের বিষয়ে নির্মাতা অনন্য মামুন এখনই আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে চাননি। তবে বিষয়টি তিনি নাকচও করেননি। নির্মাতার ভাষ্য, শিগগিরই বড় আয়োজনের মাধ্যমে সিনেমাটির নায়িকার নাম ঘোষণা করা হবে।
এর মধ্যেই অনন্য মামুন তাঁর ফেসবুক প্রোফাইলে শাকিব খানের সঙ্গে নমনির শৈশবের একটি ছবি প্রকাশ করেছেন। ছবিটি ‘লাভ ২০১৪’ সিনেমার শুটিংয়ের সময় তোলা। সিনেমাটি নানা কারণে শেষ পর্যন্ত মুক্তি পায়নি।
নমনির পরিবারও ‘দানব’ নিয়ে আপাতত বিস্তারিত কিছু জানাচ্ছে না। তবে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে নমনির সঙ্গে প্রাথমিক আলোচনা চূড়ান্ত হয়েছে। আনুষ্ঠানিক চুক্তির প্রক্রিয়াও শিগগির সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
২০২৪ সালের শেষ দিকে ‘দানব’ সিনেমার ঘোষণা দেন অনন্য মামুন। এরপর সিনেমাটিতে শরিফুল রাজ অভিনয় করতে পারেন—এমন আলোচনা ছড়ালেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি নির্মাতা পক্ষ। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষদিকে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে।
শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করে ধারাবাহিকের জনপ্রিয় মুখ হয়ে ওঠা নমনি এবার বড় পর্দায় নিজের নতুন পরিচয় তৈরি করার অপেক্ষায়। আনুষ্ঠানিক ঘোষণা এলেই জানা যাবে ‘দানব’-এ তাঁর চরিত্র ও সহশিল্পীদের বিষয়ে বিস্তারিত।
এসআর