রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে শিক্ষার্থীদের আন্দোলনে
পুলিশি ‘হামলার’ প্রতিবাদ এবং অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে নীলক্ষেত সংলগ্ন মিরপুর-আজিমপুর সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভের সময় শিক্ষার্থীরা “জবাব চাই, জবাব চাই, মধ্যরাতে হামলা কেন; বোনের গায়ে হাত কেন, জবাব চাই, জবাব চাই; পালাইছে পালাইছে, স্বৈরাচার পালাইছে” ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এছাড়া “মধ্যরাতে হামলা কেন? ক্যাম্পাসে পুলিশ কেন?; বোনের হিজাব টানলি কেন” লেখা সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা।
আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, “আমরা তো নিয়মতান্ত্রিক আন্দোলন করছি, তাহলে কেন আমাদের পুলিশ প্রশাসন বাধা দিচ্ছে? কেন এই হামলা? পুলিশ আমাদের নারী শিক্ষার্থীদের গায়ে হাত তুলেছে, লাঠি চার্জ করেছে।”
এ বিষয়ে লালবাগ থানার ওসি মোহাম্মদ জামিল হোসেন জানান, কলেজ গেটের পরিস্থিতি ভালো ও কোনো সমস্যা নেই। সর্বসাকুল্যে ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী রাস্তার দুইপাশে বসে স্লোগান দিচ্ছেন এবং বিভিন্ন দাবি দাওয়া পেশ করছেন, যার ফলে রাস্তায় কোনো বড় সমস্যা তৈরি হয়নি এবং পরিস্থিতি মোটামুটি ভালো রয়েছে।
তিনি আরও জানান, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিয়োগ প্রক্রিয়াটি সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা স্লোগান দেওয়ায় পুলিশ সেখানে গেলে ঝামেলা হতে পারে আশঙ্কায় তারা কেবল পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এছাড়া কলেজ কর্তৃপক্ষ ও প্রিন্সিপাল এ বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছেন এবং প্রিন্সিপাল অসুস্থ থাকায় তাকে রাতে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এইচ/এম