কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রকৌশল অনুষদের অধীনে নতুন দুটি বিভাগ চালুর বিষয়ে প্রাথমিক সম্মতির আশ্বাস দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামে নতুন ১৮টি বিভাগ অন্তর্ভুক্তির জন্য ইউজিসির কাছে আবেদন করে কুবি প্রশাসন। এরই অংশ হিসেবে গত ২ নভেম্বর কমিশনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নতুন চারটি বিভাগ চালুর প্রস্তাব তুলে ধরা হয়।
প্রস্তাবিত বিভাগগুলো হলো—আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং রোবোটিক্স।
এর মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ চালুর বিষয়ে ইউজিসির পক্ষ থেকে প্রাথমিকভাবে মৌখিক আশ্বাস পাওয়া গেছে। এ ছাড়া বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ চালুর বিষয়টিও ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা, ইউজিসির চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে নতুন বিভাগগুলোতে ভর্তি কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
এদিকে একই শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন নতুন ক্যাম্পাসের কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে নতুন ক্যাম্পাসে প্রকৌশল অনুষদের কার্যক্রম শুরুর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির নতুন ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রমের সূচনা হতে পারে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) নুরুল করিম চৌধুরী বলেন, ‘প্রাথমিকভাবে চারটি বিভাগ চালুর জন্য আবেদন করা হয়েছিল। তবে দুটি বিভাগ চালুর অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি, দ্রুতই চূড়ান্ত অনুমোদন পাওয়া যাবে।’
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দীন বলেন, ‘আমরা চারটি বিভাগ চালুর প্রস্তাব দিয়েছিলাম। তবে প্রাথমিকভাবে দুটি বিভাগ চালুর বিষয়ে ইউজিসি মৌখিক আশ্বাস দিয়েছে।’
এফ/ডি