[email protected] শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

শীতের আগাম সবজির সরবরাহে কমছে দাম, তবে চড়া মাছ-মাংস ও কিছু পণ্যের বাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬ ১০:৫৪ এএম

সংগৃহীত ছবি

শীতের আগাম সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় রাজধানীর বাজারে বেশ কিছু সবজির দাম

 কমেছে। শিম, ফুলকপি, বাঁধাকপি ও মুলার মতো মৌসুমি সবজি বাজারে আসায় ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও টমেটো, কাঁচামরিচ, গাজর ও গোল বেগুনের দাম এখনো বেশ চড়া। অন্যদিকে মাছ ও মাংসের বাজারে তেমন কোনো পরিবর্তন আসেনি; আগের সপ্তাহের কাছাকাছি চড়া দামেই বিক্রি হচ্ছে অধিকাংশ পণ্য।

​শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর উত্তরা ও বাড্ডা এলাকার বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।

​খুচরা বাজারভেদে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায়। আকারভেদে প্রতি পিস ফুলকপি ৪০-৫০ টাকা এবং বাঁধাকপি ৫০-৬০ টাকা। মুলা কেজিপ্রতি ৪০-৬০ টাকা এবং ধুন্দল, ঝিঙা ও মেটে আলু ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। বেগুনের দাম জাত ও আকারভেদে ৪০-৭০ টাকা হলেও গোল বেগুনের কেজি ১২০ টাকা।

​এছাড়া প্রতি কেজি টমেটো ও কাঁচামরিচ ১২০ টাকা, গাজর ১৪০ টাকা, দেশি শসা ৮০ টাকা এবং হাইব্রিড শসা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি ঢ্যাঁড়শ ও কচুমুখি ৫০-৬০ টাকা, বরবটি, করলা ও কাঁকরোল ৬০-৮০ টাকা, প্রতি পিস লাউ ৪০-৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, মিষ্টিকুমড়া ৩০-৪০ টাকা এবং আলু ২৫-৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানিয়েছেন, শীতকালীন সবজির সরবরাহ পুরোপুরি শুরু হলে সামনের দিনগুলোতে দাম আরও কমতে পারে।

​মাছের বাজারে প্রতি কেজি রুই ২৮০-৩৮০ টাকা, বড় তেলাপিয়া ১৮০-২০০ টাকা, সিলভার ও গ্রাস কার্প ১৮০-২০০ টাকা, পাঙাশ ১৬০-২৫০ টাকা, কাতলা ৩৫০-৩৮০ টাকা, চাষের কই ২০০-২২০ টাকা এবং পাবদা ৩৮০-৪২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ইলিশের দাম এখনো চড়া; আকার ও মানভেদে প্রতি কেজি ৮০০ থেকে ২,৩০০ টাকা এবং বড় ইলিশ ২,৬০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

​মাংসের বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০-১৯০ টাকা, সোনালি মুরগি ২৪০-৩৩০ টাকা, গরুর মাংস ৮০০-৮৫০ টাকা এবং খাসির মাংস ১,২০০-১,২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

​এদিকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৫ নভেম্বরের খুচরা বাজারদরের প্রতিবেদন অনুযায়ী, সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজ, কাঁচামরিচ, বেগুন, ফার্মের ডিম, ছোলা, পোলাও চাল ও আমদানি করা আদার দাম কমেছে। তবে প্যাকেট ময়দা, খোলা পাম অয়েল ও চিনির দাম কিছুটা বেড়েছে, আর অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে।

এইচ/এম

সম্পর্কিত খবর