চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশের তৈরি পোশাক
(আরএমজি) খাত থেকে রপ্তানি আয় হয়েছে ১ হাজার ৩৭৪ কোটি ৬৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫.৮২ শতাংশ বেশি (আগের বছর আয় ছিল ১ হাজার ২৯৯ কোটি ৩ লাখ ৬০ হাজার ডলার)।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যের ভিত্তিতে বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত পরিসংখ্যানে জানা যায়, জুলাই মাসে রপ্তানি আয় ১.৯২ শতাংশ কমলেও আগস্ট থেকে ইতিবাচক ধারা ফিরে আসে এবং টানা তিন মাস ধরে আয় বেড়েছে—আগস্টে ১৩.৯২ শতাংশ, সেপ্টেম্বরে ৮.৫৬ শতাংশ এবং অক্টোবরে ৪.৯০ শতাংশ। শুধুমাত্র অক্টোবর মাসে পোশাক খাত থেকে আয় হয়েছে ৩১৬ কোটি ৭৭ লাখ ৯০ হাজার ডলার, যা আগের বছরের অক্টোবরের (৩০১ কোটি ৯৯ লাখ ৪০ হাজার ডলার) তুলনায় ১৪ কোটি ৭৮ লাখ ৫০ হাজার ডলার বেশি।
একক মাস হিসেবে অক্টোবরে নিটওয়্যার রপ্তানি ৬.৪৮ শতাংশ বেড়ে ১৭৬ কোটি ৫২ লাখ ৮০ হাজার ডলার এবং ওভেন পোশাক রপ্তানি ২.৯৬ শতাংশ বেড়ে ১৪০ কোটি ২৫ লাখ ডলারে পৌঁছেছে। অন্যদিকে চার মাসের সামগ্রিক হিসাবে নিটওয়্যার খাত ৬.৭৯ শতাংশ প্রবৃদ্ধিতে ৭৭২ কোটি ৯০ লাখ ৪০ হাজার ডলার এবং ওভেন খাত ৪.৬০ শতাংশ প্রবৃদ্ধিতে ৬০১ কোটি ৭৩ লাখ ডলার আয় করেছে, যেখানে ওভেনের তুলনায় নিটওয়্যার খাতের অগ্রগতি দৃশ্যমানভাবে এগিয়ে রয়েছে।
এইচ/এম