[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেসের ৪৭ আসন: সেকেন্ডেই শেষ টিকিট, কালোবাজারির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬ ৮:৩২ এএম

সংগৃহীত ছবি

আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে যাত্রা শুরু করতে যাচ্ছে 'মহানগর এক্সপ্রেস'।

 নতুন এই রুটে ফেনী স্টেশন থেকে কক্সবাজারগামী যাত্রীদের জন্য মাত্র ৪৭টি আসন বরাদ্দ রাখা হয়েছে। তবে টিকিট বিক্রি শুরুর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তা শেষ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় যাত্রীরা। নতুন যাত্রাবিরতি চালুর খবরে স্বস্তি আসলেও টিকিট না পেয়ে চরম হতাশায় পড়েছেন তারা। এই পরিস্থিতিতে অনলাইন টিকিট বিক্রিতে বৈষম্য ও কালোবাজারির অভিযোগ তুলছেন ক্ষুব্ধ যাত্রীরা।

​ফেনী রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, মহানগর এক্সপ্রেসে ফেনীর জন্য সর্বমোট ৬২টি আসন বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামগামী যাত্রীদের জন্য ১৫টি এবং কক্সবাজারগামী যাত্রীদের জন্য ৪৭টি আসন রয়েছে। কক্সবাজারগামী আসনগুলোর মধ্যে ১৫টি এসি (স্নিগ্ধা), ৩০টি নন-এসি (শোভন চেয়ার) এবং ২টি কেবিনের আসন।

​স্থানীয় যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা-কক্সবাজার রুটে 'কক্সবাজার এক্সপ্রেস' ও 'পর্যটক এক্সপ্রেস' চালুর পর থেকেই ফেনীতে যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছিলেন তারা। মহানগর এক্সপ্রেসের রুট বাড়ায় সেই দীর্ঘদিনের দাবি পূরণ হলেও টিকিট পাওয়ার জটিলতায় নতুন করে সংকট তৈরি হয়েছে। অনিক বণিক, মো. রাকিব হাসান ও ওয়াহিদুল ইসলামসহ একাধিক যাত্রী অভিযোগ করেন, টিকিট বিক্রির অনলাইন পার্টনার ‘সহজ ডটকম’-এর সার্ভারে টিকিট ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই সব আসন হাওয়া হয়ে যায়। এর পেছনে সিন্ডিকেট ও কালোবাজারির হাত রয়েছে বলে তারা দাবি করেন এবং রেলওয়ে কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

​ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. হারুন জানান, কাউন্টারে কোনো অনিয়ম বা সিন্ডিকেটের সুযোগ নেই। অনলাইনের টিকিট বিক্রির বিষয়টি তাদের এখতিয়ারভুক্ত নয়। তবে আগামী ২৬ অক্টোবরের যাত্রার জন্য কাউন্টার থেকে ৭টি টিকিট বিক্রি হয়েছে এবং বাকি টিকিটগুলো অনলাইন থেকে যাত্রীরা কিনেছেন।

এসআর

সম্পর্কিত খবর