নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহত দুই শিশু ওই গ্রামের বাসিন্দা মো. আব্দুস সাত্তার ও পান্না আক্তার দম্পতির সন্তান।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলছিল দুই ভাই। একপর্যায়ে বড় ভাই মুয়াজ ঘরের পাশের একটি আর্থিংয়ের তারের সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হয়। বড় ভাইকে বিপদে দেখে তাকে রক্ষা করতে এগিয়ে যায় ছোট ভাই আরাফাত। এ সময় সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
দুই সন্তানের বিপদের খবর পেয়ে মা পান্না আক্তার তাদের উদ্ধারে এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তিনজনকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা করে দুই শিশুকে মৃত ঘোষণা করেন। আহত মাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও শোক বিরাজ করছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সংযোগ বা সুইচবোর্ডের ত্রুটির কারণে সাধারণত বিদ্যুৎ বহন না করা আর্থিংয়ের তারে বিদ্যুৎ চলে এসেছিল। এর ফলে দুর্ঘটনাটি ঘটতে পারে।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআর