কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে পৌঁছেছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে ছয়জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিরা পর্যটক বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন নেভাতে সকাল ৮টা থেকে তিনটি ইউনিট কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আসার পর রিসোর্টজুড়ে উদ্ধার তৎপরতা চালানো হয়।
রিসোর্টটির কাঠের কাঠামোর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। এতে স্থাপনাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার সময় ভেতরে আরও কেউ আটকা পড়েছিলেন কি না, তা নিশ্চিত হতে উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন।
কর্তৃপক্ষের আশঙ্কা, উদ্ধার অভিযান চলাকালে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এসআর