[email protected] শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬ ৭:৩০ পিএম

সংগৃহীত ছবি

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে হেলিকপ্টারে ঢাকা থেকে ঠাকুরগাঁও এসে পৌঁছান তিনি।

 

দুপুরে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে স্বাগত জানান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ নাগরিক সংবর্ধনা কমিটির সদস্যরা।

 

পরে দুপুর ১২টা ৫৮ মিনিটে সার্কিট হাউসে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়।

 

জেলায় পৌঁছেই রাষ্ট্রপতি পৌর শহরের সেনুয়া কবরস্থানে যান এবং সেখানে তার মা-বাবার কবর জিয়ারত করেন। এরপর দুপুর ১টার দিকে কালীবাড়ি এলাকায় নিজের বাসভবনে যান তিনি। সেখানে দুপুরের খাবার ও কিছু সময় বিশ্রামের পর বিকেল ৩টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

 

রাষ্ট্রপতির সফরকে ঘিরে ঠাকুরগাঁওজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। মোহাম্মদ আলী স্টেডিয়াম, সার্কিট হাউস, সেনুয়া কবরস্থান, রাষ্ট্রপতির বাসভবনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

 

নাগরিক সংবর্ধনা শেষে রাষ্ট্রপতি নিজ বাসভবনে ফিরে বিশিষ্ট ব্যক্তি, স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাতে তিনি নিজ বাসভবনেই অবস্থান করবেন।

 

সফরের দ্বিতীয় দিন সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বাসভবনে স্থানীয় সুধীজন ও স্বজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে রাষ্ট্রপতির। এরপর সকাল সাড়ে ১১টার দিকে একটি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। পরে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে বঙ্গভবনে ফেরার মধ্য দিয়ে শেষ হবে তার দুই দিনের ঠাকুরগাঁও সফর।

 

নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. মুহাম্মদ আবু খয়রুল কবির বলেন, রাষ্ট্রপতির প্রথম ঠাকুরগাঁও সফরকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নাগরিক সমাজের উদ্যোগে তাকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে। দল-মত নির্বিশেষে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি আশা করছেন তারা। অনুষ্ঠান সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

 

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন বলেন, রাষ্ট্রপতির দুই দিনের সফর উপলক্ষে ৫ সেপ্টেম্বর থেকেই জেলার গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাষ্ট্রপতির অনুষ্ঠানস্থল, চলাচলের পথ এবং আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। সফরকে কেন্দ্র করে পুরো শহরেই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এসআর

সম্পর্কিত খবর