রাজধানীর দক্ষিণখানে সরকারি উন্নয়ন প্রকল্পের মাটি কাটাকে কেন্দ্র করে স্থানীয় যুবদল নেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন শান্তর বিরুদ্ধে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে
দক্ষিণখানের হলান এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় যুবদল নেতা রাসেল সরকারসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
মামলার বিবরণ অনুযায়ী, উন্নয়ন কাজের অতিরিক্ত মাটি পাশের একটি রাস্তায় ফেলা নিয়ে রাসেল সরকারের সাথে আল আমিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আল আমিনের অনুসারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে রাসেলের ওপর হামলা চালায়। এতে রাসেল, সাব্বির ও জুয়েল নামে তিনজনের মাথা ফেটে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উত্তরা কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
এই ঘটনায় শনিবার দিবাগত রাতে রাসেল সরকার বাদী হয়ে আল আমিন শান্তকে প্রধান আসামি করে দক্ষিণখান থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় আরও ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা।
আহত রাসেল সরকারের অভিযোগ, আল আমিন শান্ত সরকারি কাজের মাটি অবৈধভাবে বিক্রি করছিলেন। প্রতিবাদ করায় তাদের ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়। স্থানীয়দের দাবি, গত ৫ আগস্টের পর থেকে অভিযুক্ত ছাত্রদল নেতা দখল ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন। তবে আল আমিন শান্ত তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানিয়েছেন, মামলার প্রেক্ষিতে আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।
এসআর