জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মাওলানা মতিউর রহমান নিজামীর আদর্শ ও অসমাপ্ত কাজ সম্পন্ন করার লক্ষ্যে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার
(৯ মে) এক বিবৃতিতে তিনি বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণরাষ্ট্র হিসেবে গড়ে তোলার আন্দোলনে শরিক হওয়ার জন্য এই উদাত্ত আহ্বান জানান।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান মাওলানা নিজামীকে একজন প্রজ্ঞাবান আলেমে দ্বীন ও দূরদর্শী রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করে বলেন, তার সততা ও নেতৃত্বগুণ তাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। ছাত্রজীবন থেকেই তিনি ইসলামী আদর্শ প্রচার এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনে আত্মনিয়োগ করেছিলেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে রূপান্তরের ক্ষেত্রে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, মাওলানা নিজামী আন্তর্জাতিকভাবেও স্বীকৃত ছিলেন। ২০০৬ সালে বিশ্বের প্রভাবশালী ৫০০ ব্যক্তিত্ব এবং ২০০৯ সালে প্রভাবশালী ৫০ জন মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়েছিল।
পরিশেষে জামায়াত আমির উল্লেখ করেন, ২০১৬ সালের ১০ মে দিবাগত রাতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় মাওলানা নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার সেই অসমাপ্ত লক্ষ্য পূরণ এবং ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে শামিল হওয়ার জন্য তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
এসআর