২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত অভিযানের বিচার নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার (২ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান এই দাবি উত্থাপন করেন। তারা অভিযোগ করেন, ওইদিন
সমাবেশে অভিযানের ফলে বহু মানুষ হতাহত হয়েছেন এবং অনেকেই স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন। এই ঘটনার স্মরণে সারা দেশে দোয়া ও আলোচনাসভা আয়োজনের জন্য তারা নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
হেফাজত নেতারা উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৪ জনের বিরুদ্ধে এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। তারা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি জানান।
বিবৃতিতে আরও বলা হয়, তৎকালীন সময়ে এই ঘটনার যথাযথ প্রতিবাদ না হওয়ায় দেশে পরবর্তী সময়ে বিভিন্ন সহিংসতার পুনরাবৃত্তি ঘটেছে। সেই সাথে সে সময়ের রাজনৈতিক দল, উসকানিদাতা এবং সুশীল সমাজের একাংশের নীরবতার সমালোচনা করেন তারা। ন্যায়বিচার নিশ্চিত করা না হলে জনগণের মধ্যে অসন্তোষ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে দেশের স্থিতিশীলতা রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এসআর